টেলিগ্রাম গ্রুপে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা এবং নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, 'বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি' নামে একটি টেলিগ্রাম গ্রুপে গত ২৬ জুন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যানাংশু নাহা। সেখানে তিনি নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন, যা বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির পরিপন্থি।
চিঠিতে আরও বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কল্যানাংশু নাহা বলেন, চিঠিটি বিভাগে পৌঁছেছে বলে জেনেছি। আমি এখনও হাতে পাইনি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।
আরটিভি/এমএইচজে




